অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ

ষ্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রেখে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত তার রায় ঘোষণা করে। এর আগে বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। অন্যদিকে ইন্টারভেনার হিসেবে যুক্ত লেখক ফিরোজ আহমেদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। ইন্টারভেনার হিসেবে আরও শুনানি করেন বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত জানতে বিশেষ রেফারেন্স পাঠান। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং উপদেষ্টারা শপথ নেন।

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের প্রক্রিয়া নিয়ে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ চলতি বছরের ১৩ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে দেন। সেই আদেশের বিরুদ্ধেই লিভ টু আপিল করা হয়।

হাইকোর্ট তার রায়ে উল্লেখ করে যে, ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী রাষ্ট্রীয় কার্য পরিচালনা করেন। আদালত আরও মন্তব্য করে, ২০২৪ সালের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের অংশ, যা দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে।

এ অনুচ্ছেদে বলা হয়েছে, জনগুরুত্বসম্পন্ন যে কোনো আইনি প্রশ্নে রাষ্ট্রপতি চাইলে তা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পাঠাতে পারবেন এবং আপিল বিভাগ উপযুক্ত শুনানির পর রাষ্ট্রপতিকে মতামত জানাতে পারবে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠান। তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ মতামত দিয়ে জানায়—সাংবিধানিক শূন্যতা পূরণের স্বার্থে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠনে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন এবং শপথ পাঠ করাতে পারবেন।


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031