চার দিনের সরকারি সফরে পাবনায় যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি নিজ বাবা-মায়ের কবর জিয়ারত করবেন এবং পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে। জুলাই অভ্যুত্থানের পর নিজ জেলায় এটি তার দ্বিতীয় সফর।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ দুপুর ১টায় ঢাকায় থেকে রওনা হয়ে পৌনে ২টায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখানে থেকে সার্কিট হাউজে গিয়ে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রথম দিন বিশ্রামে কাটানোর কথা রয়েছে।
পরদিন রবিবার (২৯ মার্চ) সকাল ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে তিনি তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। পরে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকার নিজ বাসভবনে গিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
চার দিনের এই সফর শেষে মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে ঢাকার পথে রওনা হবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।











