নিজের বক্তব্য ও আচরণে অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখপ্রকাশ জানান।
পোস্টে তিনি লেখেন, তার কোনো কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক সহকর্মী, মন্ত্রী-এমপি, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ব্যক্তিগত আক্রমণ পরিহার, অযথা মন্তব্য না করা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন। তিনি সেই পরামর্শ বিনয়ের সঙ্গে গ্রহণ করেছেন বলে জানান।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর তরুণদের উদ্যোগে গঠিত এনসিপির নেতাদের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বিশেষ আলোচনায় আসেন, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে লক্ষ্য করে তার আক্রমণাত্মক বক্তব্য সমালোচনার জন্ম দেয়।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, রমজানের শেষ ভাগে নফল ইবাদতে মনোনিবেশ করতে চান এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।











