ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও দাপ্তরিক কাজে সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবন থেকেই তিনি জরুরি সরকারি কার্যক্রম পরিচালনা করছেন এবং বিভিন্ন সিটি করপোরেশনসহ দেশের সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।
বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির মধ্যেও প্রধানমন্ত্রী নিয়মিতভাবে সরকারি কাজ করছেন। তিনি উন্নয়ন কার্যক্রম, বিশেষত খাল খনন কর্মসূচির অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন।
রুমন আরও জানান, সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রধানমন্ত্রী মেয়র ও প্রশাসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি ঈদযাত্রার সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও তিনি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করেন। সেদিন তিনি ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।











