কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

ডেস্ক রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদের বিরুদ্ধে।

ভুক্তভোগী নিজাম উদ্দিনের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অভিযোগ রয়েছে, জাফর আহমেদ তাকে চড়-থাপ্পড় ও লাথি মারার পাশাপাশি  চেয়ার দিয়েও আঘাত করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জকসুর এজিএস মাসুদ রানা জানান, তিনি ভিসি ভবন থেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন। তার ভাষ্য অনুযায়ী, জাফর আহমেদ প্রকাশ্যে নিজাম উদ্দিনকে আঘাত করছিলেন। পরবর্তীতে প্রক্টর অফিসের সামনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কাউকে ভিসি ভবনে নিয়ে যাওয়া হয়, যেখানে কিছু সময় বাকবিতণ্ডা চলে। তিনি আরও জানান, ছাত্রদলের আহ্বায়ক হিমেল বিষয়টিকে দলীয় অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করায় তারা এতে হস্তক্ষেপ করেননি।

ভুক্তভোগী নিজাম উদ্দিন বলেন, “গণিত বিভাগের সামনে প্রথমে আমাকে চড়-থাপ্পড় ও লাথি মারা হয়। পরে শহীদ মিনারের সামনে রাখা একটি প্লাস্টিকের চেয়ার দিয়ে আঘাত করা হয়, যা ভেঙেও যায়। এরপর ভাস্কর্য চত্বরের সামনে আবারও আমাকে লাথি মারা হয়।” তিনি আরও অভিযোগ করেন, তাকে ক্যাম্পাসে প্রবেশ না করার হুমকিও দেওয়া হয়েছে।

নিজাম উদ্দিন জানান, ঘটনার এক সপ্তাহ আগে জাফর আহমেদ তাকে রায়সাহেব বাজারে দেখা করতে বলেন। তিনি সমিতির অফিসে দেখা করার প্রস্তাব দিলে তাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। পরবর্তীতে সমিতির কক্ষে এসে তাকে ঘিরে একই আচরণ করা হয় এবং ক্যাম্পাসে না আসার জন্য চাপ দেওয়া হয়।

নিজাম উদ্দিন তার দীর্ঘ কর্মজীবনের কথা উল্লেখ করে বলেন, প্রায় ৪০ বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এবং এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে এমন আচরণের শিকার হলেন।

এ বিষয়ে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

অভিযুক্ত জাফর আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031