ক্যাসিনোর নেশায় সর্বস্বান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কন্টেন্ট ক্রিয়েটর তন্ময়

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনলাইন ক্যাসিনো আসক্তির করুণ পরিণতির শিকার হয়েছেন তন্ময় গোস্বামী (২২) নামে এক তরুণ। ক্যামেরা কেনার জন্য পরিবারের দেওয়া অর্থ অনলাইন জুয়ায় হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার।

 

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যার পর পৌর শহরের পূর্বাশা আবাসিক এলাকার একটি বাসা থেকে তন্ময়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তামিম।

 

পরিবার সূত্রে জানা গেছে, পেশাদার ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল তন্ময়ের। সেই স্বপ্ন পূরণে পরিবারের সদস্যরা ক্যামেরা কেনার জন্য তার হাতে একটি বড় অঙ্কের টাকা তুলে দেন। তবে সহজে অর্থ উপার্জনের আশায় তিনি অনলাইন ক্যাসিনোর প্রতি আসক্ত হয়ে পড়েন।

 

পরিবারের দাবি, ক্যামেরা কেনার জন্য দেওয়া পুরো অর্থ অনলাইন জুয়ার মাধ্যমে হারিয়ে ফেলেন তন্ময়। এরপর তীব্র মানসিক চাপ, অনুশোচনা এবং হতাশায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে এই পরিস্থিতি সামাল দিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন।

 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

 

স্থানীয়দের মতে, অনলাইন ক্যাসিনো ও জুয়ার প্রতি তরুণদের আসক্তি দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। সংশ্লিষ্টদের দাবি, এ ধরনের প্ল্যাটফর্ম তরুণদের সহজে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে বিপথে ঠেলে দিচ্ছে। শ্রীমঙ্গলের এই মর্মান্তিক ঘটনা সমাজে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031