গাজায় গত দুই বছরের বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। যুদ্ধের দুই বছরে প্রকৃত মৃত্যুর সংখ্যা ধারণার তুলনায় অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জার্মান সাপ্তাহিক পত্রিকা ‘জাইট’।
গতকাল সোমবার পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির খ্যাতনামা ম্যাক্স প্ল্যাঙ্ক ডেমোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের গবেষকদের হিসাব অনুযায়ী, গাজায় অন্তত এক লাখ মানুষ নিহত হয়েছেন বা মারা গেছেন। এমন খবর প্রকাশ করেছে আনাদোলু।
এই গবেষণা প্রতিষ্ঠান জানায়, যুদ্ধের প্রথম দুই বছরে ৯৯ হাজার ৯৯৭ থেকে ১ লাখ ২৫ হাজার ৯১৫ জন পর্যন্ত মানুষ নিহত হয়ে থাকতে পারেন।
গবেষণা প্রকল্পের ইরেনা চেন বলেন, ‘আমরা কখনোই নিহতের প্রকৃত সংখ্যাটা জানতে পারব না। আমরা শুধু সবচেয়ে বাস্তবসম্মত পরিসরটি নির্ণয়ের চেষ্টা করছি।’
ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষকরা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যানগত প্রক্ষেপণ করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের পাশাপাশি তারা স্বতন্ত্র জরিপ, সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক তথ্য ব্যবহার করেছেন।











