গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যা ও অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর ছাত্রশিবির।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুন্দর পরিবেশ ও সুযোগকে নস্যাৎ করতে একটি দল পাগল হয়ে গেছে। গত দেড় বছরে ওই দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তাদের নেতা দেশে আসার পর তারা আরও লাগামহীন হয়ে পড়েছে।তিনি বলেন, দেশের মানুষ বুঝে গেছে তারা গণতন্ত্র চায় না, তারা চায় মাফিয়াতন্ত্র। তারা সারা দেশে আমার মা-বোনদের ওপর হামলা করছে। তারা ২৩০ জনের বেশি নিজ দলের নেতাকর্মীকে হত্যা করেছে। কিছুদিন আগে শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করেছে। গতকাল (শনিবার) গাজীপুরে তাদের হাত থেকে নারী ব্যবসায়ীও রক্ষা পায়নি, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সারা দেশে বিএনপি ও ছাত্রদলের হত্যা, নারী নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।











