গুমের মামলায় ট্রাইব্যুনালে হাজির ১০ সেনা কর্মকর্তা

ষ্টাফ রিপোর্টার

দেশে সংঘটিত গুমের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ১০ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ জেলের সবুজ রঙের একটি এসি প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় ট্রাইব্যুনাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। হাইকোর্টের মূল ফটকের সামনে সেনা সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশাপাশি পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরাও ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টিএফআই সেলে (টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল) গুমের অভিযোগে দায়ের করা এই মানবতাবিরোধী অপরাধের মামলার মোট আসামি ১৭ জন। এর মধ্যে ১০ সেনা কর্মকর্তা গ্রেপ্তার অবস্থায় আছেন। তারা হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম ও কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (ওএসডি); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন ও মো. সারওয়ার বিন কাশেম। তাদের বুধবারই ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এ মামলার অপর সাত আসামি—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ কয়েকজন—পলাতক বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আজ মামলার অভিযোগ গঠনের বিষয়ে আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031