চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান চুরি-ডাকাতি
নিয়ন্ত্রণের জন্য পুলিশের গোয়েন্দা টিমে জামায়াত-শিবিরের কর্মী সরবরাহের প্রস্তাব দেওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
মিরসরাইয়ে সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় জনমনে অস্থিরতা সৃষ্টির প্রেক্ষাপটে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই প্রস্তাব দেন। এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
এই মতবিনিময়ের ভিডিওটি গত ২০ নভেম্বর ধারণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। থানার ওসি আতিকুর রহমানকে দ্রুত জনমনে স্বস্তি ফিরিয়ে আনার তাগিদ দিয়ে অ্যাডভোকেট সাইফুর রহমান রাতে চুরি-ডাকাতি প্রতিরোধে সহায়তার প্রস্তাব দেন।
প্রস্তাবে সাইফুর রহমান বলেন, “আপনি চুরি-ডাকাতি দ্রুত নিয়ন্ত্রণ করুন। লজিস্টিক বা সহায়ক জনবল লাগলে আপনি বলুন। শিবির-জামায়াতের ছেলেরা আছে—আপনারা চাইলে ইউনিয়নভিত্তিক গোয়েন্দা টিমেও লোক দেবো।”











