জরুরি অবস্থা ঘোষণা বলিভিয়ায়, ৫০ দিনের অবরোধ সরাতে মাঠে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

টানা ৫০ দিনের সড়ক অবরোধে স্থবির হয়ে পড়া বলিভিয়ার অর্থনীতি সচল করতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। শনিবার ভোরে দেওয়া ভাষণে তিনি জানান, নিরাপত্তা বাহিনীকে অবরোধ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যন্ত চলমান সহিংসতায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

প্রেসিডেন্ট পাজ বলেন, চলমান অবরোধ আর সাধারণ সামাজিক আন্দোলন নয়; বরং এটি বলিভিয়ার গণতন্ত্রকে অস্থিতিশীল করার একটি সংগঠিত প্রচেষ্টা। তিনি বলেন, “একটি সময় আসে যখন নিষ্ক্রিয় থাকা আর বিচক্ষণতা নয়, বরং দায়িত্বহীনতা। সেই সময় এখন এসে গেছে।”

জরুরি অবস্থার ফলে সেনাবাহিনীর মোতায়েন বাড়ানোর সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারের দাবি, এর মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং খাদ্য, জ্বালানি ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক করা হবে। একই সঙ্গে যারা অবরোধ অব্যাহত রাখবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট।

সাবেক বামপন্থী প্রেসিডেন্ট এভো মোরালেসের সমর্থক বিভিন্ন গোষ্ঠী দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে খাদ্য, জ্বালানি ও ওষুধের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক রাজধানী লা পাজ এবং পার্শ্ববর্তী এল আল্টো শহরে তীব্র সংকট দেখা দিয়েছে।

শনিবার দুপুরের মধ্যে পুলিশ ও সেনাবাহিনী কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের অবরোধ সরিয়ে ফেলেছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জুস্তিনিয়ানো। তিনি বলেন, সরকার সংলাপের পথ খোলা রেখেছে, তবে নাগরিকদের অধিকার ও জরুরি পণ্যের সরবরাহ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।

এল আল্টোর বিভিন্ন এলাকায় অবরোধ সরাতে সরকারি যন্ত্রপাতি পৌঁছালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কোথাও কোথাও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষও হয়।

৬৫ বছর বয়সী বাসিন্দা এলভিরা দে মামানি বলেন, “আমরা অনেক কষ্ট পেয়েছি। সবকিছু পরিষ্কার করা হচ্ছে, এটা ভালো।”

অন্যদিকে, কৃষিভিত্তিক উচ্চভূমি অঞ্চল থেকে আসা অভিবাসীদের বসবাসকারী এলাকায় অনেকেই অবরোধের প্রতি সমর্থন জানিয়ে সড়কে অবস্থান নেন। আন্দোলনকারী ফোরতুনাতা পেরেজ বলেন, “আমাদের জীবিকা ও খাদ্যের জন্য লড়াই করার অধিকার আছে। আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব।”

গত মে মাসে কংগ্রেস নির্বাহী বিভাগের জরুরি ক্ষমতার ওপর থাকা সীমাবদ্ধতা প্রত্যাহার করায় প্রেসিডেন্টের জন্য জরুরি অবস্থা জারির পথ সুগম হয়। ডানপন্থী বিরোধী দল আলিয়ানজা লিব্রের আইনপ্রণেতা লিসা ক্লারোস বলেন, “৫০ দিনের অবরোধের পর এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। তবে এটি আরও আগে নেওয়া হলে প্রাণহানি এড়ানো যেত।”

সংবিধান অনুযায়ী, জরুরি অবস্থা জারির ২৪ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে অবহিত করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে কংগ্রেস এ বিষয়ে অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেবে। আলিয়ানজা লিব্রের সিনেটর হোসে ম্যানুয়েল অরমাচেয়া জানিয়েছেন, তার দল জরুরি অবস্থার পক্ষে ভোট দেবে।

তবে বিরোধী দলের কিছু সদস্য ও বিশ্লেষকদের আশঙ্কা, জনসমর্থন ছাড়া জরুরি ক্ষমতা প্রয়োগ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং আন্দোলনের মূল কারণগুলোর সমাধান হবে না।

শুক্রবার বলিভিয়ার প্রধান শ্রমিক সংগঠন বলিভিয়ান ওয়ার্কার্স কনফেডারেশন (সিওবি)-এর সঙ্গে সরকারের একটি সমঝোতা হলেও সাবেক প্রেসিডেন্ট মোরালেসের ঘনিষ্ঠ গ্রামীণ সংগঠনগুলো তাতে অংশ নেয়নি। তারা বিশেষ করে কোচাবাম্বা অঞ্চলে অবরোধ অব্যাহত রেখেছে।

এদিকে, বলিভিয়ার খনি মন্ত্রণালয় জানিয়েছে, দেশের খনিগুলো স্বাভাবিকভাবেই উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

অস্থিরতার পটভূমি

জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের মাধ্যমে বাজেট ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়ার পর থেকেই সংকটের সূত্রপাত হয়। একই সময়ে দেশটি ডলার সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। পরে সরকার জ্বালানির দাম স্থিতিশীল করা এবং বিতর্কিত ভূমি সংস্কার নীতি থেকে সরে এলেও আন্দোলন আরও জোরদার হয়। আন্দোলনকারীরা মজুরি বৃদ্ধি, জ্বালানি ও ডলারের সংকট নিরসন এবং প্রেসিডেন্ট পাজের পদত্যাগ দাবি করছেন।

মাত্র সাত মাস আগে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট পাজের আগে প্রায় দুই দশক দেশটি বামপন্থী মুভমেন্ট টুওয়ার্ড সোশ্যালিজম (এমএএস)-এর শাসনে ছিল, যার নেতৃত্বে ছিলেন এভো মোরালেস। প্রেসিডেন্ট পাজ অভিযোগ করেছেন, মোরালেসই বর্তমান অস্থিরতা উসকে দিচ্ছেন।

অন্যদিকে, মোরালেস আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আন্দোলন উসকে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, এটি অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ আদিবাসী জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে বলেছে, খাদ্য, ওষুধ ও জরুরি পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত এবং শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় প্রেসিডেন্ট পাজের পদক্ষেপকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে।

সুত্র : রয়টার্স

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031