ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২–এর ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক–এর বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি তার খালা শেখ হাসিনার ক্ষমতার প্রভাব ব্যবহার করে বিনা মূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছিলেন।
বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এই নির্দেশ দেন। শুনানিতে দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর পলাতক আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।
দুদকের আবেদনে বলা হয়, কোন টাকা পরিশোধ না করেই অবৈধ সুবিধা নিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাটের দখল নেন টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। তদন্তে আরও উল্লেখ করা হয়, ফ্ল্যাটটি হস্তান্তরের অনুপযুক্ত ছিল—তবুও তিনি নিজের পারিবারিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাজউকের আইন কর্মকর্তাকে প্রভাবিত করেন এবং প্রতিষ্ঠানটিকে অনুমোদন দিতে বাধ্য করেন।
মামলার নথিতে উল্লেখ আছে, গুলশান-এর রোড ৭১–এর বাড়ি নম্বর ১১এ ও ১১বি–তে অবস্থিত ফ্ল্যাটটি অবৈধ সুবিধা হিসেবে তিনি বিনা মূল্যে গ্রহণ করেন। অভিযোগ ওঠে, মামলা প্রক্রিয়ার আগেই তিনি দেশত্যাগ করেন এবং আলামত নষ্ট করারও চেষ্টা করেছিলেন। তাই তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করা প্রয়োজন বলে দুদক আদালতে জানায়।











