ডেস্ক রিপোর্ট:ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) নামে এক
শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং এর অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে বিবৃতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির প্রচার সম্পাদক সাজ্জাদ হোসাইন খান সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,”ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান বলেন, “নিজ ক্যাম্পাসে বহিরাগত সন্ত্রাসী দ্বারা একজন শিক্ষার্থীর খুনের এই ঘটনা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। এমন ঘটনা প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে। একই সাথে এই ধরনের হত্যাকাণ্ড সার্বিকভাবে এদেশের সামাজিক ও নিরাপত্তা ব্যবস্থার গভীর সংকটকে তুলে ধরে। এ ঘটনায় দায়ীদের দ্রুত শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
আমরা নিহত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য’র পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং মহান আল্লাহর কাছে তাঁর মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার-পরিজনকে এ শোক সইবার তাওফিক দিন।











