দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন, ফ্রিজে মিলল মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংক শহরে নির্মমভাবে খুন হয়েছেন কাজী মহিউদ্দিন পলাশ (৩৬) নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী। নিখোঁজের তিন দিন পর তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মরদেহ উদ্ধারের পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। স্থানীয় প্রবাসীরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা পুলিশ জানায়, পলাশকে তার মালাউই নাগরিক এক কর্মচারী হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ ফ্রিজে লুকিয়ে রেখে পালিয়ে যায় সে। হত্যার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে এবং তাকে ধরতে অভিযান চলছে।

নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের বাসিন্দা মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন।

পলাশের ভাই কাজী আলমগীর জানান, তিন দিন ধরে তার খোঁজ না পেয়ে পরিবার উদ্বিগ্ন ছিল। ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাটি উদঘাটন করে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে দীর্ঘদিন আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন কাজী মহিউদ্দিন পলাশ। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031