বিএনপি সরকারের প্রথম মন্ত্রী হিসেবে আগামীকাল মঙ্গলবার দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান। ঢাকা এই সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে বর্ণনা করলেও কর্মকর্তারা জানিয়েছেন, এতে দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে।
পারস্পরিক সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ আসন্ন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করবে।
সফরকালে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গেও তার আলাদা বৈঠকের কথা রয়েছে।
কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দিল্লির সঙ্গে পূর্বের কিছুটা টানাপোড়েন কাটিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে সম্পর্ককে পারস্পরিক লাভজনক অবস্থানে নিতে চায়।
সফরে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শাহিদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের মতো ব্যক্তিদের প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করবে।











