আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব পড়েছে বাংলাদেশের স্বর্ণবাজারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ মার্চের পর আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। ফলে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম কমে যাওয়ায় ভোক্তারা যাতে সুবিধা পান, সে লক্ষ্যেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। গত ১০ দিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২২ শতাংশ কমে যাওয়ার প্রভাবও দেশীয় বাজারে স্পষ্ট হয়েছে।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি মূল্য ৫ হাজার ১৯০ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪৮১ টাকায়। ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৪ হাজার ৪৯০ টাকা, নতুন দাম ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ভরি প্রতি ৩ হাজার ৬১৬ টাকা, নতুন দাম ১ লাখ ৬০ হাজার ৯০৫ টাকা।
এর আগে ১৯ মার্চ দুই দফায় স্বর্ণের দাম মোট ১৫ হাজার ৩৩৮ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম নেমে এসেছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৬ টাকায়, যা বুধবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল।
স্বর্ণের বাজারে বড় ধরনের এই মূল্যহ্রাসের পরও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের দামই বহাল রয়েছে—২২ ক্যারেট রুপা ভরি প্রতি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা।











