লিবিয়ায় মানবপাচারের শিকার হয়ে আটক থাকা আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা–আইওএমের সহযোগিতায় ত্রিপলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১১৩ জন এবং বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ৬২ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। বুধবার ভোর ৬টা ২৫ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রত্যাবাসিতদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের প্ররোচনায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন। অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হওয়ায় দেশে ফিরে এসে সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন বলে জানা গেছে।
বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইওএম প্রত্যাবাসিতদের জন্য পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করেছে বলেও জানানো হয়েছে।











