নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন বিএনপি পেতে পারে—এমনটাই মনে করেন দেশের ৬৬ শতাংশ নাগরিক। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড পরিচালিত এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য। ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’ শীর্ষক জরিপের ফল সোমবার প্রকাশ করা হয়।

জরিপে দেখা যায়, বিএনপির পর ভোটারদের পছন্দের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। অর্ধেকের বেশি অংশগ্রহণকারী মনে করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি প্রায় এক-তৃতীয়াংশ নাগরিকের ধারণা, জামায়াতে ইসলামী জয়ী হলেও দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

‘সুষ্ঠু নির্বাচন হলে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে?’—এ প্রশ্নে প্রায় ৬৬ শতাংশ উত্তরদাতা বিএনপির নাম উল্লেখ করেন। নারী-পুরুষ বা বয়সভেদে মতামতে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। জরিপে অংশ নেওয়া প্রায় ২৬ শতাংশ মনে করেন, জামায়াতে ইসলামীই সবচেয়ে বেশি আসন পাবে। আর আওয়ামী লীগ বেশি আসন পাবে বলে মত দিয়েছেন ৭ শতাংশের কিছু বেশি অংশগ্রহণকারী।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে বেছে নিয়েছেন শূন্য দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টির (জাপা) পক্ষে মত দিয়েছেন মাত্র শূন্য দশমিক ১ শতাংশ অংশগ্রহণকারী।

‘নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে উপকারী হবে’—এ প্রশ্নে প্রায় ৫৭ শতাংশ মানুষ বিএনপিকে সর্বোত্তম বিকল্প হিসেবে দেখেছেন। সাড়ে ৩২ শতাংশের মতে, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের উপকার হবে। অপরদিকে আওয়ামী লীগ জয়ী হলে দেশ ভালো হবে বলে মত দিয়েছেন সাড়ে ৮ শতাংশ অংশগ্রহণকারী। এনসিপিকে পছন্দ করেছেন শূন্য দশমিক ৯ শতাংশ উত্তরদাতা।

জরিপটি দেশের পাঁচটি নগর এবং পাঁচটি গ্রাম বা আধা-শহর এলাকার ১৮ থেকে ৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জনের মধ্যে পরিচালিত হয়। এদের মধ্যে পুরুষ ৬৭৪ এবং নারী ৬৬৮ জন। তথ্য সংগ্রহ করা হয়েছে গত ২১–২৮ অক্টোবর। গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, জরিপের নির্ভরযোগ্যতার মাত্রা ৯৯ শতাংশ।

জরিপকারী প্রতিষ্ঠান আরও জানায়, এ জরিপ কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছে এমন ব্যক্তিদের মধ্য থেকে, যারা অনলাইন বা ছাপা মাধ্যম থেকে নিয়মিত খবর পড়েন এবং আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031