পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

ষ্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—পদত্যাগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে দুজনই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত হয়েছিলেন। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আর আসিফ মাহমুদ ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা এতদিন ছিল ২৩ জন। সেখান থেকেই পদত্যাগ করলেন দুই ছাত্র প্রতিনিধি।

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে নিয়মিত মধ্যাহ্নভোজ ও বৈঠকে অংশ নেন জ্যেষ্ঠ কয়েকজন উপদেষ্টা। সেই বৈঠকেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ সামনে আসে। পরে বুধবার সন্ধ্যায় নিশ্চিত হওয়া যায় যে আসিফ মাহমুদ পদত্যাগপত্র জমা দিচ্ছেন।

সূত্রগুলো আরও জানায়, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই মাহফুজ আলম ও আসিফ মাহমুদকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা কিছুটা সময় চান। এর মধ্যে মাহফুজ আলম সরকারের মেয়াদের শেষ পর্যন্ত দায়িত্বে থাকতে ইচ্ছা প্রকাশ করেন এবং নির্বাচন না করার কথাও জানান।

পরে গত মাসের মাঝামাঝি সময়ে আবারও উচ্চপর্যায় থেকে তাদের দ্রুত পদত্যাগের নির্দেশনা দেওয়া হয় বলে জানা যায়।

সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদে দুই ছাত্র প্রতিনিধির থাকা উপযুক্ত হবে না—এই বিষয়ে উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যই একমত ছিলেন। তারা নির্বাচন করুন কিংবা না করুন, নির্বাচনকালীন সময়ে ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টার পদে থাকা সমীচীন হবে না বলে মত দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তিন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত হন। তাদের মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। অন্যদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করলেও পরে উপদেষ্টা পদে উন্নীত হন।


আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031