যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের দুর্দান্ত নৈপুণ্যে অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপে জয়ে শুরু করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) মালের ন্যাশনাল স্টেডিয়াম-এ ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২–০ গোলে হারায় লাল–সবুজের প্রতিনিধিরা। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলকে জয়ের পথে নেন এই তরুণ ফরোয়ার্ড, যার পারফরম্যান্সে সেমিফাইনালের লড়াই আরও সহজ হলো বাংলাদেশের জন্য।
প্রথমার্ধ জুড়ে বল দখলে রেখে মাঠ নিয়ন্ত্রণ করলেও ফিনিশিংয়ের অভাবে গোলহীন অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ছন্দে ফেরে বাংলাদেশ। প্রবাসী ফুটবলার রোনান সুলিভান, ইব্রাহিম নেওয়াজ ও মোরশেদ আলীদের নৈপুণ্যে চাপ বাড়তে থাকে পাকিস্তানের রক্ষণে। ম্যাচের ৫৪ মিনিটে ডি–বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি–কিকে প্রথম গোল করেন রোনান। তিনি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমি-র বয়সভিত্তিক দলে খেলেন।
৬১ মিনিটে পাকিস্তান বল জালে জড়ালেও গোলরক্ষকের প্রতি ফাউল থাকার কারণে রেফারি গোল বাতিল করেন। এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের বাড়ানো লং পাস থেকে নিখুঁত হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনান।
শেষ মুহূর্ত পর্যন্ত বল দখলে আধিপত্য ধরে রেখে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি লাল–সবুজ জার্সিধারীরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা সাত মিনিট খেলেও ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। জয়ের আনন্দে মাঠ ছাড়ে বাংলাদেশ।











