ফরিদপুরের মধুখালীতে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ ও আহমেদ শেখ নামে চার বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলস্টেশনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু দুজন স্থানীয় ব্যবসায়ী আকাশ শেখের সন্তান।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনের নিচে পড়ে তারা নিহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার ওসি ফকির মো. তাইজুর রহমান। তিনি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং প্রাথমিকভাবে যমজ দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।











