ফের বরিশালে উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

বরিশাল প্রতিনিধি

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর বাটাজোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২৯ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় ইতি চক্রবর্তী (৪৫) ও পবিত্র মজুমদার (৫০)। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন গুরুদাস চক্রবর্তী (৪৫), তার মেয়ে উপমা চক্রবর্তী (১৬)সহ আরও কয়েকজন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, ইতি চক্রবর্তী বরিশালের কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। পবিত্র মজুমদার কাটপট্টি এলাকার সুন্দরী জুয়েলার্সের স্বত্বাধিকারী ছিলেন। ঘটনাস্থলেই ইতি চক্রবর্তীর মৃত্যু হয় এবং পবিত্র মজুমদার বেলা সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুর্ঘটনার পর গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাইওয়ে পুলিশ জানায়, ‘গ্রিনভিউ পরিবহন’ নামের বাসটি ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর সাড়ে পাঁচটার দিকে বাটাজোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামিম শেখ জানান, দুপুরে র‌্যাকার দিয়ে বাসটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত বৃহস্পতিবার রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৯ জন আহত হন এবং একই দিনে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে ২৭ জনের মৃত্যু হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031