মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবদল নেতার নাম সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে চাঁদা তোলার সময় সাড়ে ১৫’শ টাকাসহ হাতেনাতে তাকে আটক করে শিবালয় থানা পুলিশ।
আটককৃত শুভ উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক এবং ওই ইউনিয়নের বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। এই ঘটনায় সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে প্রতিদিনের মত সেলফি পরিবহনের লাইনম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান। এসময় যুবদল নেতা সুব্রত বিশ্বাসসহ অজ্ঞাত তিন-চারজন ব্যক্তি এসে তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তারা তাকে সেখানে কোনও ডিউটি করতে হবে না বলে চলে যেতে বলে।











