ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত সর্বশেষ আপডেট অনুযায়ী, এতে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী ভোটার।

ইসির তথ্য বলছে, নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী। দেশভিত্তিক হিসেবে সৌদি আরবে সবচেয়ে বেশি—৩৮ হাজার ২৬৯ জন এবং যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ২৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন।

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর নির্ধারণ করেছে। এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধনের সুযোগ ছিল।

ইসি জানায়, নিবন্ধনের সময় প্রবাসীদের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা প্রদান বাধ্যতামূলক। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে। তবে ভুল ঠিকানা দিয়ে থাকলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ মেন্যু ব্যবহার করে সংশোধন করতে হবে; কারণ সঠিক ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আউট অব কান্ট্রি ভোটিংয়ের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোনো স্থান থেকে অ্যাপটি ডাউনলোড করে প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।

তিনি আরও জানান, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) ব্যবস্থা চালু করা হবে। তফসিল ঘোষণার পর টানা ১৫ দিন এ নিবন্ধন চলবে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪৮টি দেশের প্রবাসীদের জন্য নিবন্ধন সময়সূচি নির্ধারণ করেন।

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করলেই নিবন্ধন সম্পন্ন করা যাবে। বিদেশে ব্যালট পৌঁছানোর জন্য সঠিক ঠিকানা প্রদান অত্যন্ত জরুরি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031