মাগুড়ায় এসিল্যান্ড-সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং সদর সাব-রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দুই প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নিচতলার ৫ নম্বর কক্ষের পেছনের জানালা খুলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষে থাকা জমি–সম্পত্তির বিভিন্ন নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।

একই সময়ে সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণের দলিল লেখকদের তিনটি কক্ষেও পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে সাব-রেজিস্ট্রারের এজলাসের পেছনের অংশে আগুন ধরে। এজলাসের বড় ক্ষতি না হলেও তিন দলিল লেখকের দলিল, টিকিট, রসিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোলসহ বেশ কয়েকটি খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, দু’টি স্থাপনাতেই পেট্রোল বোমা নিক্ষেপের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে জমি-জমার দলিলপত্র, প্রয়োজনীয় নথি, আসবাবপত্র এবং কম্পিউটারসহ নানা মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক সংযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও আটক করতে পুলিশ কাজ করছে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা ভবনের পেছন দিয়ে জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিচতলার একটি কক্ষে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কম্পিউটার, আসবাবপত্র এবং জমি-সম্পত্তির মূল্যবান নথিপত্র পুড়ে নষ্ট হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031