যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১৭ মে ২০২৬, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় Inswing Youth Club-এ।
অনুষ্ঠানে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অনুযায়ী, বক্তব্য প্রদানের তালিকায় নিজের নাম না থাকায় যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা ক্ষোভ প্রকাশ করে চিৎকার-চেঁচামেচি ও হট্টগোল শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
এ সময় সেখানে উপস্থিত ডেইলি সংগ্রাম প্রতিদিনের যুক্তরাজ্য প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র সদস্য সামিয়া আক্তারসহ অন্যান্য সাংবাদিক ঘটনাটির ভিডিও ধারণ করেন। অভিযোগ রয়েছে, পরে কয়েকজন আওয়ামী লীগের নামধারী নেতা-কর্মী সাংবাদিক সামিয়া আক্তারের ওপর চড়াও হন এবং জোরপূর্বক ভিডিও মুছে ফেলার জন্য বল প্রয়োগ করেন । এ সময় তাকে হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এ বিষয়ে এখনো যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপস্থিত সাংবাদিক ও সচেতন মহল।











