মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে গত এক মাসে ঢাকা থেকে মোট ৮৯৪টি ফ্লাইট বাতিল হয়েছে।
বুধবার (১ এপ্রিল) একদিনেই বাতিল হয়েছে ১৮টি ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই বিভিন্ন সংখ্যক ফ্লাইট বাতিল হচ্ছে, যা মিলিয়ে মোট সংখ্যা এখন ৮৯৪-এ পৌঁছেছে।
১ এপ্রিল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি (শারজাহ, ইউএই), গালফ এয়ারের ২টি (বাহরাইন), কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি (সংযুক্ত আরব আমিরাত) এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি (কুয়েত)।
সার্বিকভাবে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে, যার ফলে ঢাকার সঙ্গে সংশ্লিষ্ট অনেক ফ্লাইট বাতিল করতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলো।











