জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার দুপুরে ১১ দলের বৈঠক শেষে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও লিঁয়াজো কমিটির সদস্য হামিদুর রহমান আযাদ। বৈঠকে ঐক্যজোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
তিনি জানান, আগামী ৭ এপ্রিল ১১ দলের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারের বিষয়টি ধামাচাপা দিয়ে সংবিধানে শুধু সংশোধনী আনার চেষ্টা চলছে। তার মতে, সরকার ফ্যাসিবাদী পথ অনুসরণ করছে এবং রাজপথের আন্দোলন ছাড়া ঐক্যজোটের সামনে অন্য কোনো পথ নেই।











