ললক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা মো. ইউসুফ হোসেনের (৩৮) ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির আনোয়ারের চা দোকানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ভোলাকোট ইউনিয়ন যুবদলের কর্মী, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইউসুফ দীর্ঘদিন যাবৎ সাহারপাড়া গ্রামের ব্যাপারী বাড়ির চা দোকানদার ও মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিন্তু আনোয়ার চাঁদা দিতে সব সময়ই অপারগতা প্রকাশ করেন। মঙ্গলবার সকাল ১০টায় দাবিকৃত চাঁদার টাকা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনোয়ারের বুকে ও পিঠে ইউসুফ উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে আনোয়ারকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।











