তারেক রহমান

সময় এসে গেছে, ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব

ষ্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন। বিবিসি বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু যৌক্তিক কারণে এতদিন দেশে ফেরা সম্ভব হয়নি, তবে এখন সময় এসে গেছে। “ইনশাআল্লাহ, খুব দ্রুতই দেশে ফিরব,” — বলেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) সকালে সাক্ষাৎকারটির প্রথম পর্ব বিবিসি বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। সেখানে দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “আমি একজন রাজনৈতিক কর্মী। রাজনীতি করি জনগণের জন্য। যেখানে একটি প্রত্যাশিত, জনগণের চাওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে— সেখানে আমি কেমন করে দূরে থাকব? সেই নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।”

জুলাই আন্দোলন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমি নিজেকে কখনোই এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দেখি না। জুলাই আন্দোলন সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এর প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর আগে থেকে।”

তিনি বলেন, “এই আন্দোলনে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে অবদান রেখেছেন। জুলাই-আগস্টের আন্দোলনে শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরাই নয়—মাদ্রাসাছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, সিএনজিচালক, দোকান কর্মচারী, গার্মেন্টসকর্মী—সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও মাঠে নেমেছিলেন।”

বিএনপি নেতা আরও বলেন, “যেসব সাংবাদিক স্বৈরাচারী সরকারের দমন-পীড়নে দেশত্যাগে বাধ্য হয়েছিলেন, তারাও এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তাই এই আন্দোলনের কৃতিত্ব কারও একার নয়।”

তারেক রহমানের মতে, “জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন— তারাই এই আন্দোলনের প্রকৃত নায়ক। কোনো ব্যক্তি বা দল নয়, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই এই আন্দোলনের আসল ‘মাস্টারমাইন্ড’।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031