জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুরো বানোয়াট ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার দিবাগত রাতে সুরভীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গাজীপুরের টঙ্গীর মরকুন পূর্বপাড়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী যদি কোনো অন্যায়ও করে থাকতেন, দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি সুবিধা বা অধিকার পাওয়ার কথা ছিল তিনি তা পাননি। তার সঙ্গে ন্যায়বিচার করা হয়নি। আমরা পরে জানতে পেরেছি, পুরো মামলাটি ছিল বানোয়াট।
এনসিপির এই নেতা বলেন, সুরভীকে একটি মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। ১১দিন তাকে জেল খাটতে হয়েছে। মঙ্গলবার তার রিমান্ড চাওয়া হয়েছিল। দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তার বয়সের ব্যাপারটাকে লুকিয়ে আদালতে রিমান্ড মঞ্জুর করানো হয়েছিল। সর্বোপরি জনগণের প্রতিবাদের মুখে রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দেওয়া হয়েছে।











