ফিলিস্তিন সাম্প্রতিক সময়ে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে। এসব হামলা সৌদি আরবসহ উপসাগরীয় বিভিন্ন দেশকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
শনিবার (স্থানীয় সময়) ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াদ হাব আল-রিহ সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সউদ নায়েফের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এ অবস্থান ব্যক্ত করেন। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির বরাতে জানা যায়, ওই ফোনালাপে ফিলিস্তিনি মন্ত্রী ‘সৌদি আরব, উপসাগরীয় দেশসমূহ এবং সমগ্র অঞ্চলের বিরুদ্ধে ইরানের হামলার তীব্র নিন্দা’ জানান। পাশাপাশি তিনি সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং নাগরিকদের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি ফিলিস্তিনের পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
অন্যদিকে, আল আরাবিয়ার একটি পরিসংখ্যান অনুযায়ী, চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান ইসরায়েলের তুলনায় উপসাগরীয় দেশগুলোর ওপর উল্লেখযোগ্যভাবে বেশি হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মোট হামলার প্রায় ৮৫ শতাংশ উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, যেখানে মাত্র ১৫ শতাংশ হামলা ইসরায়েলের দিকে গেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর থেকে তেহরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। উপসাগরীয় দেশগুলো দাবি করেছে, তারা এ সংঘাতে সরাসরি সম্পৃক্ত নয় এবং তাদের ভূখণ্ড ব্যবহার করেও কোনো হামলা পরিচালিত হয়নি।











