প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে গিয়েই নিজ দপ্তরে না ঢুকে আকস্মিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন। সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি গাড়ি থেকে নেমে হেঁটে প্রথমে ৬ নম্বর ভবনের দিকে যান। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এরপর তিনি একই ভবনের বিভিন্ন তলায় গিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমও ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পর্যায়ক্রমে পরিদর্শন করেন। প্রায় আটটি মন্ত্রণালয়ের আকস্মিক পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে আসেন।
দিনের অন্য কর্মসূচির অংশ হিসেবে সকালে কৃষক কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে তারেক রহমানের। সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন বলে জানা গেছে।











