হরমুজ প্রণালিতে নিরাপত্তা সংকট তীব্র হওয়ায় তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এক বিবৃতিতে জানায়, কৌশলগত জলপথে জাহাজ চলাচলে ঝুঁকি বেড়ে যাওয়ায় সাময়িকভাবে উৎপাদন কমানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের মাত্রায় উত্তোলন শুরু হবে।
সরকারি সূত্র বলছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই উৎপাদন কমানোর প্রক্রিয়া শুরু হয়। ১০ মার্চ কুয়েত মাত্র পাঁচ লাখ ব্যারেল তেল উত্তোলন করেছে, যেখানে স্বাভাবিক সময়ে দৈনিক উৎপাদন থাকে ৩০ লাখ ব্যারেলেরও বেশি।
হরমুজ প্রণালি—বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট—প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচলের কেন্দ্র। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই পথের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে এবং একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনাও ঘটে।
এদিকে ইরান ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী দেশগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তেহরান সতর্ক করে জানিয়েছে, যুদ্ধ চলাকালীন এসব দেশের জাহাজের ওপর হামলা অব্যাহত থাকতে পারে।











