নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধনের পদ স্থগিত করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য পদ স্থগিতাদেশের বিষয়টি জানানো হয়। জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করায় তার পদ স্থগিত করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শরীফ ওসমান হাদিকে গুলি করে শহিদ করার প্রতিবাদে সারাদেশের ন্যায় নোবিপ্রবিতেও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এতে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে দেখা গেলেও অংশ নেয়নি ছাত্রদলের নেতৃবৃন্দ। পরবর্তীতে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করেন তারা। তবে শিক্ষার্থীদের ঐ মিছিলে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান বাঁধন।











