সরকার দেশের ১৪টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ করেছে। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীনভাবে দায়িত্ব পালন করবেন এবং জেলা পরিষদ আইনে নির্ধারিত চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন। তারা বিধি অনুযায়ী ভাতাও পাবেন।
নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন ফরিদপুরে মো. আফজাল হোসেন খান পলাশ, ঢাকায় মো. ইয়াছিন ফেরদৌস, গাজীপুরে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, ফেনীতে অধ্যাপক এম এ খালেক, নীলফামারীতে মো. মিজানুর রহমান চৌধুরী, লালমনিরহাটে এ কে এম মমিনুল হক, পাবনায় মোহাম্মাদ জহুরুল ইসলাম, নড়াইলে মো. মোস্তাফিজুর রহমান আলেক, বরগুনায় মো. নজরুল ইসলাম মোল্লা, জামালপুরে মো. সিরাজুল হক, মানিকগঞ্জে জামিলুর রশিদ খান, নরসিংদীতে তোফাজ্জল হোসেন, হবিগঞ্জে আহমেদ আলী এবং চাঁদপুরে এ কে এম সলিম উল্যা সেলিম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে গৃহীত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।











