আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগেই ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দেশের ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ১৮টি স্থানে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়াও প্রবাহিত হয়। সবচেয়ে বেশি ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া নেত্রকোনায় ২৫ মিলিমিটার, দিনাজপুরে ১৬ মিলিমিটার এবং ময়মনসিংহে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।











