গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চন্দিয়ার নয়াপাড়া গ্রামে জুয়ার আসরে পুলিশের অভিযানের সময় হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় আটক করা দুই জুয়াড়িকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। মঙ্গলবার (২৪ মার্চ) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হুদা। এর আগের দিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে অভিযান চালায় ফুলছড়ি থানা পুলিশ। অভিযানের সময় কয়েকজনকে আটক করলে জুয়াড়ি চক্রের সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এতে আটক ব্যক্তিদের মধ্যে দুইজনকে জোর করে ছিনিয়ে নিয়ে যায় তারা।
পরে পুনরায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চন্দিয়া গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে জিল্লুর হাওলাদার (৫৫), রাজু মিয়ার ছেলে সাগর রহমান (৩৩), সোলেমান মিয়ার ছেলে মনিরুল মিয়া (২৫), জলিল মিয়ার ছেলে জসিম মিয়া (২৭), মাহাবুর আলালের ছেলে লেবু মিয়া (৩৪), দক্ষিণ হোসেনপুর গ্রামের মৃত মফাজুলের ছেলে ছালাম মিয়া (৪৭) এবং চন্দিয়া বাথিয়াপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩৩)।
ওসি দুরুল হুদা জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে। ছিনিয়ে নেওয়া দুই আসামিসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।











