ইরানকে ঘিরে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে তিনি বক্তব্যের এক পর্যায়ে ‘ট্রাম্প প্রণালি’ বলে উল্লেখ করেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ামিতে সৌদি-সমর্থিত একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন।
ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক তেল পরিবহনের স্বার্থে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা প্রয়োজন।
বক্তৃতার একপর্যায়ে ট্রাম্প বলেন, “তাদের ‘স্ট্রেইট অব ট্রাম্প’—অর্থাৎ হরমুজ—খুলে দিতে হবে। দুঃখিত, এটি একটি বড় ভুল উচ্চারণ হয়ে গেছে।” পরে তিনি নিজেই মন্তব্যটি ঘিরে সম্ভাব্য প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, গণমাধ্যম বিষয়টি নিয়ে আলোচনা করতে পারে, যদিও তার ক্ষেত্রে এ ধরনের ভুল খুব একটা ঘটে না।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে আলোচনা চলছে। তবে তেহরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনার কথা স্বীকার করেনি।
তিনি ইঙ্গিত দেন, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করাই সম্ভাব্য সমঝোতার অন্যতম প্রধান শর্ত হতে পারে।
এদিকে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হিসেবে পরিচিত এই প্রণালি দিয়ে বৈশ্বিক তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। কিন্তু চলমান সংঘাতের কারণে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।
সূত্র: এএফপি











