জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রোববার (২৯ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়বেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। কুমিল্লা সিটি করপোরেশনে মনোনয়ন পেয়েছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সিলেট সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে এবং রাজশাহীতে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মোবাশ্বের আলীর নাম।
সংবাদ সম্মেলনে আগামী ছয় মাসের মধ্যে সিটি করপোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে এনসিপি। দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ না দেওয়া, নতুন সরকার গঠনের পর নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখা, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দলীয় প্রতীক ছাড়া নির্বাচন আয়োজন এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়াসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি।











