জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে সংবিধান সংস্কার কমিটির দাবিতে অনড় অবস্থান বজায় রেখেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। তাদের অভিযোগ, সরকারি দল সংবিধান সংশোধন কমিটির কথা বললেও আসলে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রতি আন্তরিক নয়।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দলের দুই সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম ও ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, সরকার ঘোষিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তাদের ভাষ্য, শুধু সংশোধন নয়, সংবিধানের যথাযথ সংস্কার প্রয়োজন।
তারা আরও দাবি করেন, বিরোধী দলীয় নেতার বক্তব্য ভুলভাবে তুলে ধরা হয়েছে—যেখানে বলা হয়েছে তিনি নাকি সংবিধান সংস্কার পরিষদে রাজি হয়েছেন; অথচ বাস্তবে তিনি এমন কোনো সম্মতি দেননি।
এদিকে বুধবার সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংশ্লিষ্ট সংসদ কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।











