যুক্তরাজ্যের ব্রাইটনের উপকূলে তিন তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় জনপদে। কীভাবে তারা সমুদ্রে গেলেন, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে কোস্টগার্ড অনুসন্ধান অভিযান সমাপ্ত করে জানিয়েছে, আর কাউকে খোঁজা হচ্ছে না।
সাসেক্স পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট অ্যাডাম হেইস বলেছেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং তদন্তে একাধিক সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে কোনো ধরনের অনুমান করা সমীচীন নয়। আমরা এখনো প্রমাণ সংগ্রহ করছি।”
পুলিশ জানিয়েছে, নিহত তিন নারীকে প্রথমে ব্রাইটন প্যালেস পিয়ারের কাছে দেখা যায়। পরে তারা ভেসে ব্রাইটন মেরিনার দিকে চলে যান। তদন্তের একটি দিক হিসেবে ধারণা করা হচ্ছে, তারা সৈকত থেকে সমুদ্রে নেমেছিলেন এবং পরে বিপদে পড়েন।
তদন্তকারীরা বলছেন, এখন পর্যন্ত তৃতীয় পক্ষের সম্পৃক্ততা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
ঘটনার পর বুধবার সকালে ব্ল্যাক রক সৈকত এলাকায় নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে জরুরি সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সৈকতটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়।
চিফ সুপারিনটেনডেন্ট হেইস বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ট্র্যাজেডি। তিন তরুণীর মৃত্যুতে তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাই। পরিবারের সদস্য ও সাধারণ মানুষ যে উত্তর খুঁজছেন, তা বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ ঘটনায় গভীর শোক দেখা গেছে। কেম্পটাউনের বাসিন্দা গাই জোন্স বলেন, “এই উপকূল আমাদের কাছে আনন্দ ও শান্তির প্রতীক। সেখানে তিন তরুণীর মৃত্যু পুরো সম্প্রদায়ের জন্য গভীর বেদনার।”
ব্রাইটন মেরিনার বাসিন্দা অ্যাশ মিডলটন বলেন, “এটি শুধু পরিবারের জন্য নয়, পুরো ব্রাইটনের জন্যই দুঃখজনক। এখানকার সমুদ্র অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে।”
আরেক বাসিন্দা জুডি বলেন, “ঘটনাটি এত কাছাকাছি ঘটেছে যে বিষয়টি আরও ভীতিকর ও মর্মস্পর্শী মনে হচ্ছে।”
হোভ ও পোর্টস্লেডের এমপি পিটার কাইল বলেছেন, “এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে পরিবার, প্রতিবেশী ও সম্প্রদায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সমুদ্রতীর শহরের অন্যতম সৌন্দর্য হলেও সমুদ্রের ঝুঁকিও রয়েছে।”
এদিকে, ঘটনার কারণে পানিখাতের জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে আয়োজিত জাতীয় কর্মসূচি ‘প্যাডল আউট’-এর ব্রাইটন পর্ব বাতিল করা হয়েছে। সার্ফার্স অ্যাগেইনস্ট স্যুয়েজের উদ্যোগে শনিবার দেশজুড়ে ৫০টিরও বেশি স্থানে এ কর্মসূচি হওয়ার কথা ছিল।
সুত্র:বিবিসি











