ফ্রান্সজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় দেশটির শেষকৃত্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো চরম চাপে পড়েছে। পরিবার, বৃদ্ধাশ্রম এমনকি পুলিশও মরদেহ সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত মর্গে জায়গা খুঁজতে হিমশিম খাচ্ছে।
প্যারিসের অদূরে অরলি এলাকার একটি ফিউনারেল হোমের পরিচালক জুহাইয়ের হারতেলি জানান, তাঁদের কোল্ড স্টোরেজে ৩২টি মরদেহ রাখার ব্যবস্থা থাকলেও সব কক্ষই এখন পূর্ণ। গত সপ্তাহের বুধবার থেকে শুরু হওয়া চাপ সপ্তাহজুড়ে অব্যাহত ছিল। শুধু সপ্তাহান্তেই তিনি প্রায় ১৫০টি ফোনকল পান, কিন্তু জায়গা না থাকায় কোনো মরদেহই গ্রহণ করতে পারেননি।
ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, গত বুধবার থেকে রোববার পর্যন্ত অন্তত ১ হাজার অতিরিক্ত মৃত্যু ঘটেছে। তবে এই সংখ্যা এখনও চূড়ান্ত নয় এবং আরও বাড়তে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
হারতেলি বলেন, “পরিবার, বৃদ্ধাশ্রম, পুলিশ স্টেশন, পৌর কর্তৃপক্ষ—সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।”
তিনি আরও জানান, স্বাভাবিকের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় দাফন ও দাহ সম্পন্ন করতেও বিলম্ব হচ্ছে। ফলে মরদেহগুলোকে কোল্ড স্টোরেজে দীর্ঘ সময় রাখতে হচ্ছে। অতিরিক্ত মরদেহ সংরক্ষণের জন্য তিনি স্থানীয় কর্তৃপক্ষের কাছে রেফ্রিজারেটেড ট্রেইলার ব্যবহারের অনুমতিও চেয়েছেন। বর্তমানে অনেক শ্মশানে দাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট মিলছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে।
এদিকে, দেশের কিছু এলাকায় তাপমাত্রা সামান্য কমলেও অধিকাংশ অঞ্চলে এখনও প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, আগামী সপ্তাহেও উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে এবং সপ্তাহান্তে আবারও তাপপ্রবাহ তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
চিকিৎসক ও জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বৃদ্ধাশ্রমের পাশাপাশি নিজ বাড়িতে বসবাসকারী বয়স্ক মানুষের মৃত্যুও বেড়েছে। তাই একা বসবাসকারী বা ঝুঁকিপূর্ণ প্রবীণ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজখবর রাখার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। জরুরি চিকিৎসাসেবা সংস্থা এসওএস মেদেসাঁ-এর চিকিৎসক সেবাস্তিয়ান শোপাঁ সতর্ক করে বলেছেন, নতুন করে তাপপ্রবাহ দেখা দিলে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়া মানুষের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।
তথ্যসুত্রঃ রয়টার্স











