“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সমৃদ্ধ দেশ গড়ি “এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মৎস্য চাষিদের সম্মাননা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে উপজেলা সদরে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মৃন্ময় কুমার মণ্ডলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাসানুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, মৎস্য চাষি ও ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, মিনারুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী মো. আকবার হোসেন, রোকনুজ্জামান, নিরঞ্জন মণ্ডলসহ অনেকে।
আলোচনা সাভায প্রধান অতিথির বক্তব্য খুলনা-৬ কয়রা-পাইকগাছার আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের উপকূলীয় এলাকায় মৎস্য চাষ ও আহরণের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ বাড়াতে হবে।
তিনি বলেন, একই সঙ্গে নদী, খাল-বিল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা করে মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। মৎস্যজীবী ও চাষিদের স্বার্থ রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সবাইকে সম্মিলিতভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।











