চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্ট (ফুসফুস) ইনফেকশন শনাক্ত হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
রোববার রাতে হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত কয়েক মাস ধরেই ম্যাডাম ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। আজকে যেসব জটিলতা একসঙ্গে দেখা দেয় চেস্টে ইনফেকশন, পূর্বের হার্টজনিত সমস্যা ও মাইট্রোস্টেনোসিস—এসবের কারণে তার রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দেয়। এজন্য দ্রুত হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
অধ্যাপক সিদ্দিকী জানান, খালেদা জিয়ার হার্টে পূর্বেই পেস-মেকার বসানো রয়েছে এবং স্টেন্টিং করা হয়েছিল। চেস্টে ইনফেকশন যুক্ত হওয়ায় একই সময়ে হার্ট ও ফুসফুস—দুটোই আক্রান্ত হয়েছে।











