চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড–পাহাড়তলী–আকবরশাহ) আসনে বিএনপির সম্ভাব্য ধানের শীষের প্রার্থী কাজী সালাউদ্দিনকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতা ও সাবেক চসিক মেয়র এম মনজুর আলমের সঙ্গে তার ঘনিষ্ঠ আলাপচারিতার ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তুমুল সমালোচনার ঝড় বইছে। শুক্রবার দুপুরের পর থেকেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া এই দৃশ্য নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, কাজী সালাউদ্দিনের মনোনয়ন নিয়ে তৃণমূলে আগে থেকেই চরম ক্ষোভ ছিল। তার একাধিক বিতর্কিত কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। ভাইরাল দৃশ্যে দেখা যায়, কাজী সালাউদ্দিন একটি কক্ষে সাবেক চসিক মেয়র ও আওয়ামী রাজনীতির আলোচিত ব্যক্তি এবং সীতাকুণ্ডের সাবেক রাতের ভোটের এমপি দিদারুল আলমের চাচা এম মনজুর আলমের সাথে খোশগল্পে মত্ত। পাশে আরও কয়েকজন নেতা ছিলেন।











