ভোলার দৌলতখানে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির হামলায় জামায়াতের ২০ নেতাকর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ ১৬ ডিসেম্বর বুধবার উপজেলার আমিরজাং গজনবী স্টেডিয়ামে চেয়ারে বসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে জামায়াতের আমির, সেক্রেটারির জন্য নির্ধারিত আসন বরাদ্দ দেয়া হয়। সকালে তারা এসে সেই আসনে বসেন। এ সময় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা ‘রাজাকারেরা বিজয় দিবসের অনুষ্ঠানে আসবে কেন’—এমন উসকানিমূলক বক্তব্য দিয়ে হামলা শুরু করে। এতে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেক জামায়াত কর্মী আহত হন।











