কুমিল্লা-১০ আসনের বিএনপির সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া নেতাকর্মীদের স্ত্রীদের তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা গেছে, ‘যে বউ স্বামীর কথা শোনে না, স্বামীকে মানে না, তাকে তালাক দিয়ে দে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভেতরে কিছু মুনাফিক রয়েছে, যারা বিএনপি করলেও নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে এবং অর্থ দিয়ে জামায়াতকে সহায়তা করেছে। এমনকি কিছু বিএনপি নেতার স্ত্রীও জামায়াতকে ভোট দিয়েছে। যারা নির্বাচনের আগে আমার বিরোধিতা করেছে, তারাই এখন ঢাকায় গিয়ে আমার সঙ্গে সেলফি তুলে নিজেদের দোষ ঢাকতে চায়। আবার গুরুত্ব না পেয়ে তারা আমার বিরুদ্ধে বদনাম ছড়াচ্ছে।’ তবে এ বিষয়ে জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।











