যুক্তরাজ্যের অন্যতম স্বনামধন্য University of hull লন্ডন ক্যাম্পাস থেকে সাফল্যের সঙ্গে MSc business management এর উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন চুনারুঘাট উপজেলার গোলগাও গ্রামের কৃতি সন্তান ইমরান আহমেদ রাহী। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রি গ্রহণ করেন।
উচ্চশিক্ষার এ গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে গিয়ে তাকে নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তবে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাডেমিক নিষ্ঠার মাধ্যমে তিনি কাঙ্ক্ষিত এই সাফল্য অর্জন করেন।
এই ডিগ্রী অর্জনের পর তিনি নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, “হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের একজন সাধারণ পরিবারের সন্তান হিসেবে আমার পথচলা শুরু। ছোট্ট একটি গ্রাম থেকে একদিন যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করব এমন স্বপ্ন অনেকের কাছেই অসম্ভব মনে হতে পারত। কিন্তু স্বপ্নকে সত্যি করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে অসংখ্য বাধা, অর্থনৈতিক সংকট এবং কঠিন বাস্তবতার মধ্য দিয়ে। অবশেষে আল্লাহর অশেষ রহমতে যুক্তরাজ্যের University of Hull থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পেরেছি। এই অর্জন শুধু একটি শিক্ষাগত সনদ নয়; এটি দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য, ত্যাগ এবং কখনো হাল না ছাড়ার প্রতীক। আমার এই সাফল্য শুধু আমার একার নয়। এটি গোলগাঁও গ্রামের, চুনারুঘাটের, হবিগঞ্জের এবং বাংলাদেশের প্রতিটি স্বপ্নবাজ তরুণ-তরুণীর জন্য একটি বার্তা। নিজের ওপর বিশ্বাস রাখলে, কঠোর পরিশ্রম করলে এবং আল্লাহর ওপর ভরসা রাখলে অসম্ভব মনে হওয়া লক্ষ্যও একদিন অর্জন করা যায়। সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করছি, যেন ভবিষ্যতেও অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে দেশ ও সমাজের জন্য ইতিবাচক অবদান রাখতে পারি। আলহামদুলিল্লাহ।”
তার এই অর্জনে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব এবং পরিচিতজনরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবেন এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
এদিকে, শিক্ষার্থীর এই সাফল্য নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











